লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান ছিল ১১। টানা দুই জয়ে বড় পার্থক্য কমিয়ে দুইয়ে থাকা লস ব্লাঙ্কোরা এখন বার্সার চেয়ে পিছিয়ে মাত্র ৫ পয়েন্টে। আগের ম্যাচে এলচেকে ৪-০ গোলে হারানো রিয়ালের শিকার এবার ওসাসুনা। শনিবার প্রতিপক্ষের মাঠ এল সাদরে ২-০ গোলের জয় পায় কার্লো আনচেলত্তির দল। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ওসাসুনাকে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা সম্ভাবনা জিইয়ে রেখেছে তার দল।
৫৬ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে ২১ ম্যাচ খেলা বার্সার এখনও ১৭ ম্যাচ বাকি। আর রিয়াল মাদ্রিদের বাকি রয়েছে ১৬টি ম্যাচ। অর্থাৎ, বাকি সময়ে শিরোপার লড়াইয়ে বার্সাকে পেছনে ফেলার সুযোগ রয়েছে রিয়ালের।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘ম্যাচে খেলোয়াড়দের দৃঢ়তা আমার ভালো লেগেছে। এই জয়টি গুরুত্বপূর্ণ।
এটি লীগের আশা জিইয়ে রেখেছে। আমরা আনন্দের সঙ্গে মাঠ ছেড়েছি।’
জয় পেলেও ওসাসুনার মাঠে বেশ ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদের। তারকা বহুল দল নিয়ে লস ব্লাঙ্কোদের দাপট অনুমিত হলেও সফরকারীদের সঙ্গে পায়ে পায়ে লড়াই করে স্বাগতিকরা। ৪৭ শতাংশ বল দখলে রেখে ১১টি শটের ৪টি লক্ষ্যে রাখে ওসাসুনা। বিপরীতে ৫৩ শতাংশ বল দখলে রাখা রিয়ালও ১১টি শট নেয়। যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। নির্ধারিত সময়ের মাত্র ১২ মিনিট বাকি থাকতে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের পাসে গোলটি করেন রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারোর অ্যাসিস্টে স্কোরলাইন ২-০ করেন তার স্বদেশি মার্কো আসেনসিও।
প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলা বেশ ভালো ছিল। কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা দ্বিতীয়ার্ধে যা করেছি, প্রথমার্ধেও করতে পারতাম। ম্যাচজুড়ে লম্বা পাস দিয়ে খেলা যেত।’