এফটিভি ডেস্কঃ-
ছবিঃ-সংগৃহীত
আজ ১৭ মার্চ ২০২৩ইং রোজ শুক্রবার বিকেল আনুমানিক ৫.৩০ মিনিটের সময় বাংলাদেশের পিরোজপুরে বিয়েতে যাওয়ার পথে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার শংকরপাশা এলাকায়।
নিহতরা হলেন কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো: শাহিন মল্লিক (১৮), বাগেরহাটের মোরেলগঞ্জ চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো: ইয়াসিন মিনা (১৪) ও কচুয়া উপজেলার মো: বাদশা (১৮)। এছাড়াও আরো বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় যে- শুক্রবার বিকেলে একটি নসিমনে ওঠে ২২ জন যাত্রী বাগেরহাট থেকে বরগুনার পাথরঘটায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। নসিমনটি সদর উপজেলার শংকরপাশা সড়কে পৌঁছালে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে এসে নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।