এফটিভি ডেস্কঃ-
তারিখ:- ১২ মার্চ ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ- সংগৃহীত
আজ ১২ মার্চ ২০২৩ইং রোজ রোববার সন্ধ্যা আনুমানিক ৬.৩৫ মিনিটের সময় ফতুল্লার মাসদাইর এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর তাতে আগুনে পুড়ে মা ও শিশু সন্তান দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের কথা থেকে জানা যায় যে- রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খন্দকার ম্যানশন নামে ১০তলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- কুলসুম বেগম (২৫) ও তার তিন বছরের ছেলে খালিদ। কুলসুম বেগমের স্বামী মো: মাসুদ একজন ব্যবসায়ী। ঘটনার সময় তিনি ফ্ল্যাটের বাইরে ছিলেন। পরে প্রতিবেশীরা মাসুদের স্ত্রী ও সন্তানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের দিকে নিয়ে যান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব আলম হোসেন বিষয়টি স্বীকার করে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।”